সাজেকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। একই বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা শনিবারের অবরোধের প্রতি সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আহূত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোও অবরোধের উদ্দেশ্য।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথে অবরোধ চলবে।
বিজ্ঞাপন
কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।








