খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা

খুলনার লবণচরা থানার জিন্নাহ পাড়া এলাকায় খুশি (২৪) নামে এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় খুশি তাঁর মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মিরাজ সেখানে এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি পিস্তল বের করে খুশির মাথা ও শরীরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।
গুলিবিদ্ধ খুশিকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশের অভিযান ও তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।








