মাগুরায় যুবদল নেতা হত্যা, ময়নাতদন্তে মাথার ভেতর মিলল গুলি

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের সময় তাঁর মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ দাস বিশ্বাস জানান, দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের সময় সাকের হোসেনের মাথা থেকে ছোট আকারের একটি গুলি বের করা হয়। এটি পিস্তল বা রিভলভারের গুলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে বুধবার ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা কাউন্টারের ভেতরে তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর মাথার পেছনে ছিদ্রের একটি চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।
সাকের হোসেনের বড় ভাই ঠিকাদার রাজমীর হোসেন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
এদিকে সাকের হোসেন হত্যার খবর ছড়িয়ে পড়লে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে বাস টার্মিনালে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ময়নাতদন্তে যুবদল নেতা সাকের হোসেনের মাথায় একটি গুলি পাওয়া গেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ প্রযুক্তিগত ও প্রচলিত পদ্ধতিতে তদন্ত চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো সম্ভব হবে বলে জানান তিনি।








