নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পুরো আয়োজন ঘিরে এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
সোমবার সকাল ১১টার দিকে গহিরায় বক্স আলী চৌধুরী বাড়ির উঠানে রোটনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানাজায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি গহিরায় বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছায়। এ সময় পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। এর পর থেকেই রোটনের গ্রাম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
দাফন শেষ হওয়ার পরও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, জানাজা ও দাফনকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দায়িত্বে ছিলেন তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।








