বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ছয় সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন, তিনটিতে রানার্সআপ ও একটিতে তৃতীয় স্থান অর্জন করেছেন কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া কলেজের ছাত্র ক্রিকেট দল টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নেয়।
বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সোমবার ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সাত্তার, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা গোলক ও চাকতি নিক্ষেপ—দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিজ্ঞাপন
কলেজের ছাত্র ছোটন আহম্মেদ ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে রানার্সআপ হন। দীর্ঘ লাফে রানার্সআপ হয়েছেন কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে, ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেন কলেজের ছাত্র আল আমিন।
এ ছাড়া ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র ক্রিকেট দল টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নেয়।
কলেজসংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সাত্তারের নেতৃত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ এবং ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিক উৎসাহ ও দিকনির্দেশনা ভূমিকা রেখেছে। পাশাপাশি ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের তদারকি, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগীদের প্রস্তুতিতে সহযোগিতা শিক্ষার্থীদের সাফল্যে অবদান রেখেছে।
বিজ্ঞাপন
বিভাগীয় পর্যায়ে এমন অর্জনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁরা ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন।








