সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, ২৯ ঘণ্টা পর বাবার মরদেহ দাফন

গাইবান্ধার সাদুল্লাপুরে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে ভাইবোনের বিরোধের জেরে মৃত্যুর প্রায় ২৯ ঘণ্টা পর বাবার মরদেহ দাফন করা হয়েছে। নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে দাফন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী। ৭০ বছর বয়সী নাজির উদ্দিন ওই গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর দুই সন্তান ইদ্রিস আলী ও হালিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় জানাজা ও দাফনের সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে দাফনের প্রস্তুতির মধ্যেই পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে আপত্তি জানান মেয়ে হালিমা বেগম। এ নিয়ে এলাকায় সালিস বসে। সেখানে তাঁকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল ৫টার দিকে বাবার মরদেহ দাফন করা হয়।
বিজ্ঞাপন
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইবোনের বিরোধ মীমাংসার পর তাঁদের বাবাকে দাফন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এতে পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেননি বলেও জানান হালিমা।
এ বিষয়ে বক্তব্য জানতে ইদ্রিস আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে গ্রামের লোকজনের উদ্যোগে ভাইবোনের মধ্যে সমঝোতা হয় এবং বিকেল পাঁচটার দিকে দাফন সম্পন্ন করা হয়।








