দর্শনায় টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ নিয়ে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কুড়ালগাছি ইউনিয়ন পরিষদে টিসিবির চাল বিতরণ শুরু হয়। বিতরণ করা চালের মধ্যে বড় ও ছোট পোকা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এসব চাল খাদ্য হিসেবে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী।
পণ্য নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, তারা যে চাল পেয়েছেন তা অত্যন্ত নিম্নমানের। চাল ধোয়ার সময়ই পোকা ভেসে উঠছে, ফলে তা রান্না করা তো দূরের কথা, ব্যবহার করাও সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ, কম দামে চাল পাওয়ার জন্য টিসিবির ওপর নির্ভর করি। কিন্তু যে চাল দেওয়া হচ্ছে, তা খাওয়ার উপযোগী নয়। এটা আমাদের সঙ্গে অন্যায়।” আরেকজন বলেন, “সরকার আমাদের জন্য যে সহায়তা দিচ্ছে, তা যদি এভাবে নষ্ট হয়, তাহলে আমরা কোথায় যাব? এমন চাল তো পশুকেও খাওয়ানো যায় না।”
এ বিষয়ে কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, “টিসিবির পণ্য বিতরণের সঙ্গে ইউনিয়ন পরিষদের সরাসরি সম্পৃক্ততা নেই, এটি ডিলার পরিচালনা করে।”
অভিযুক্ত ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল জানান, “সরকারি খাদ্যগুদামের চাল পোকাযুক্ত হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।








