জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাতেই চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার বিকেলে শাকিলকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ স্থানীয় নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। ওই পোস্টে ব্যবহৃত ক্যাপশনটিও ছিল ব্যঙ্গাত্মক ও বিতর্কিত। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভাইরাল হওয়া পোস্টটির সত্যতা যাচাইয়ের পর তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট আইনে মামলা নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় এখনো আলোচনা চলছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।








