কয়রায় ৯ প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারে সাড়ে ১৩ লাখ টাকা বরাদ্দ

খুলনার কয়রা উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে এসব বিদ্যালয়ের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জানান, প্রথম ধাপে পূর্ব চৌকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বিজ্ঞাপন
সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল আহত
তিনি জানান, বর্তমানে কয়রা উপজেলার টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পিচঢালা সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, ইটের সলিং রাস্তা নির্মাণ ও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত এসব কাজ বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। যাতে জেলে ও মৌয়ালীরা নিরাপদে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে পারেন।








