Logo

রাউৎকোনার পাঁচ খুন, নিস্তব্ধ এক গ্রামের অস্বস্তিকর প্রশ্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
১১ মে, ২০২৬, ১৪:২৯
রাউৎকোনার পাঁচ খুন, নিস্তব্ধ এক গ্রামের অস্বস্তিকর প্রশ্ন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া এখনো অধরা। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক, আতঙ্ক ও অজানা আশঙ্কার ছায়া।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে গ্রামজুড়ে বিরাজ করছে গভীর নীরবতা। সন্ধ্যা নামলেই যেন ভয়ের আবহ তৈরি হয়। যেখানে আগে শিশুদের হাসি-আনন্দে মুখর থাকত এলাকা, সেখানে এখন শুধুই ফিসফাস আলোচনা—“এমন নির্মম ঘটনা কীভাবে ঘটল?”

নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে বাড়িটির সামনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। অনেক শিশু-কিশোর রাতে ঘুমাতে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নবম শ্রেণির শিক্ষার্থী মিমের সহপাঠীরা জানায়, তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে মিম আর নেই। স্কুলের সহপাঠী আরিফুল ইসলাম বলেন, আমরা ভাবতেই পারছি না আপু আর আমাদের মাঝে নেই।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তবে এমন ভয়াবহ পরিণতি হবে—তা কেউই কল্পনা করেননি।

বিজ্ঞাপন

স্থানীয়দের একাংশের দাবি, ফোরকান মিয়াকে তারা বাইরে থেকে একজন স্নেহশীল বাবা হিসেবেই জানতেন। ঘটনার আগের দিনও তাকে সন্তানদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বলে জানান কয়েকজন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একসঙ্গে পাঁচজনকে হত্যা এবং আশপাশে কোনো চিৎকার না শোনার বিষয়টি তদন্তকারীদের জন্য গুরুত্বপূর্ণ রহস্য হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে কোনো নেশাজাতীয় বা ঘুমের ওষুধ ব্যবহার করা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোহাম্মদ শাহীনুর আলম বলেন, অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফোরকান মিয়াই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তবে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মো. শরীফ উদ্দীন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন এখন একটাই—যে বাবা সন্তানদের আগলে রাখতেন, তার হাতেই কেন এমন ভয়াবহ ট্র্যাজেডি ঘটল, আর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন এখনো ধরা পড়ছে না মূল অভিযুক্ত?

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD