Logo

‘ভুয়া’ সন্দেহে ভ্যাট কর্মকর্তাকে মারধরে ভেঙে দিল হাত

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১১ মে, ২০২৬, ১৪:৩১
‘ভুয়া’ সন্দেহে ভ্যাট কর্মকর্তাকে মারধরে ভেঙে দিল হাত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ভ্যাট কর্মকর্তা। তাকে ‘ভুয়া কর্মকর্তা’ সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তার ডান হাত ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৯ মে) দুপুরে উপজেলার সদর এলাকার দুর্গারামপুরে।

বিজ্ঞাপন

আহত কর্মকর্তা সাইফুল ইসলাম জাতীয় রাজস্ব বোর্ড অধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের ভ্যাট পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকার ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট সংক্রান্ত নথিপত্র পরিদর্শনের জন্য যান। সেখানে গিয়ে তিনি নিজের সরকারি পরিচয় তুলে ধরে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে ছুটির দিনে পরিদর্শনে আসায় প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমান তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী সাইফুল ইসলামকে ‘ভুয়া কর্মকর্তা’ দাবি করে তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলামকে রক্ষা করতে গেলে সবুজ মিয়া নামে আরও এক ব্যক্তি হামলার শিকার হন। তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় সাইফুল ইসলামের ডান হাতের কনুইয়ের উপরের অংশে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে মুঠোফোনে সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখিয়েছিলেন। কিন্তু এরপরও অভিযুক্তরা তার কথা না শুনে তাকে বেঁধে মারধর করেন। এতে তার হাত ভেঙে যায়।

এ ঘটনায় রাজস্ব বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আহত ভ্যাট পরিদর্শক বর্তমানে চিকিৎসাধীন থাকলেও হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD