বাউফলে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

পটুয়াখালীর বাউফল পৌরসভায় সাত বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (১০ মে) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানা-এ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে শিশুটির বাবা কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান এবং মা গবাদিপশু নিয়ে মাঠে যান। এ সুযোগে প্রতিবেশী বারেক বিশ্বাস শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরের পেছনের বারান্দায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়।
বিজ্ঞাপন
পরে শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন, বারেক বিশ্বাস তাকে ডেকে নিয়ে গেছে। পরে অভিযুক্তের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বের হয়ে আসে। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বারেক বিশ্বাসকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।








