মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিশান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে ওই নারী ভেড়ামারার একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়।
অভিযোগে বলা হয়, সন্ধ্যার দিকে নিশান শিশুটিকে মাজারের পাশের একটি ফাঁকা স্থানে রেখে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
বিজ্ঞাপন
এদিকে দীর্ঘ সময় ধরে জনমানবহীন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে রাত আনুমানিক একটার দিকে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জাহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








