Logo

এক মাসের শিশুকে ভুল করে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৩ মে, ২০২৬, ১৫:৪৩
এক মাসের শিশুকে ভুল করে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার বদলে ভুলবশত জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পিআরএলে থাকা এক স্বাস্থ্য পরিদর্শককে ডেকে এনে শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়।

শিশুটির বাবা-মায়ের অভিযোগ, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক অনুপস্থিত থাকায় অন্য একজনকে ডেকে আনা হয় এবং শিশুটিকে ভুল করে দুই ডোজ র‍্যাবিক্স (জলাতঙ্ক) ভ্যাকসিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, ঘটনার পর তারা প্রতিবাদ করলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারা এ ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে দায়ীদের শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক জানান, এটি ভুলবশত ঘটেছে এবং তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও ভুলের কথা স্বীকার করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে তার দাবি, এই ভ্যাকসিনে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই, তারপরও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD