ঝিকরগাছায় অচেতন করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের মিস্ত্রিপাড়ায় গত ১৪ মে দিবাগত রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
চোরচক্র একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এবং অন্য একটি ফাঁকা বাড়ি থেকেও নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ঘটনার সময় নারায়ন মন্ডলের পরিবার বাড়িতে ছিল না। চোরচক্র ছাদের পাশের গাছ বেয়ে উপরে ওঠে এবং সিঁড়ি ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে। তার বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীর স্ত্রী জানান, আমরা অনেক ঋণগ্রস্ত। মানুষের পাওনা পরিশোধের জন্য বাপের বাড়ি থেকে এই টাকা ধার করে এনেছিলাম। আমরা বাড়ি ছিলাম না সকালে খবর পেয়ে বাড়ি এসে দেখি ঘরের মধ্যে সব এলোমেলো ওয়ারড্রবের তালা ভেঙ্গে টাকা ও বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
বিজ্ঞাপন
একই রাতে পাশের মুরালি সেনের বাড়িতেও চুরি হয়। সকালে মুরালি সেন ও তার স্ত্রী মায়া সেনকে অচেতন অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের ঘরবাড়ি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। বাড়ির পিছনের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে সিড়ির ঘর দিয়ে প্রবেশ করে মালামাল চুরি করে পিছনের দরজা দিয়ে চলে যায়।
বিজ্ঞাপন
মুরালি সেনের পরিবার জানায়, তাদের বাড়ি থেকে নগদ ৬০ থেকে ৬৫ হাজার টাকা, একটি সোনার চেইন এবং একজোড়া কানের দুল চুরি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, চোরচক্র পূর্বপরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বা অন্য কোনো উপায়ে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল আলম জানান, ঘটনা জানতে পেরে আমার টিম সেখানে গিয়ে পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।








