কবরস্থানের মাঝখানে নির্মাণাধীন দেয়াল অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার শতবর্ষী খালাদাদ খাঁন জামে মসজিদ কবরস্থানের মাঝখানে নির্মাণাধীন পাকা দেয়াল অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি, কবরবাসীদের স্বজন এবং এলাকাবাসী। এ সময় দ্রুত দেয়াল অপসারণ ও বিতর্কিত প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) সকালে খালাদাদ খাঁন জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে এবং সমাজে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে কবরস্থানের মাঝখান দিয়ে পাকা দেয়াল নির্মাণ করা হচ্ছে।
তাদের দাবি, কবরস্থান একটি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। সেখানে কোনো ধরনের বিভাজনমূলক স্থাপনা নির্মাণ করা হলে তা এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, মৃত্যুর পর সকল মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেখানে কোনো বিভাজন বা গোষ্ঠীগত প্রতিহিংসার স্থান নেই। অথচ শতবর্ষী এই কবরস্থানের মাঝখান দিয়ে দেয়াল নির্মাণ করে সমাজে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে চট্টগ্রাম জেলা পরিষদের এক লাখ টাকার প্রকল্পের আওতায় দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, এর আগেও দেয়াল অপসারণের দাবিতে শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে আবুল বশর নামে এক পক্ষ সংশ্লিষ্ট জমিকে তাদের খতিয়ানভুক্ত সম্পত্তি বলে দাবি করলেও কবরস্থানের মাঝখানে দেয়াল নির্মাণের যৌক্তিকতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ বলেন, সরকারি বরাদ্দের অপব্যবহার বা স্পর্শকাতর কোনো বিষয়ে অনিয়মের সুযোগ দেওয়া হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন মো. শাহজাহান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে নির্মাণাধীন দেয়াল অপসারণ, প্রকল্পের বৈধতা যাচাই এবং কবরস্থানের পরিবেশ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।








