টিনের চাল কেটে ঘরে ঢুকে কুয়েতপ্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলায় কুয়েতপ্রবাসীর স্ত্রী কাজল আক্তারকে (৩০) নিজ ঘর থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। মাথায় আঘাতের চিহ্নসহ তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তবে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন








