Logo

প্রবাসীর ৩৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী উধাও

profile picture
উপজেলা প্রতিনিধি
লংগদু, রাঙ্গামাটি
৩০ জুন, ২০২৬, ১২:১৪
প্রবাসীর ৩৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী উধাও
ফাইল ছবি।

রাঙামাটির লংগদু উপজেলায় প্রবাসীর পাঠানো ৩৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে ভুক্তভোগী শরীফ এখন দিশেহারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে লংগদু থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার চরপাথালিয়া গ্রামের বাসিন্দা শরীফের সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নোয়াব আলীর মেয়ে নয়ন মনির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

অভিযোগকারী শরীফ জানান, বিয়ের পর থেকে স্ত্রীর পড়াশোনা ও সংসারের সব খরচ তিনি প্রবাসে থেকে বহন করেছেন। স্ত্রীর এইচএসসি, অনার্স ও মাস্টার্স পড়ার খরচসহ যাবতীয় ব্যয় তিনি নিজেই দিয়েছেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সম্প্রতি দেশে ফিরে স্ত্রী ও সন্তানের কাছে যাওয়ার পর স্ত্রীকে আর খুঁজে পাচ্ছেন না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এমনকি ছোট সন্তানকেও রেখে চলে গেছেন স্ত্রী। বর্তমানে শিশুটির দেখভাল করছেন তিনি নিজেই।

এ বিষয়ে নয়ন মনির বাবার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মেয়ের সঙ্গে বর্তমানে তাদের কোনো যোগাযোগ নেই।

এদিকে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মনি অন্য কারও সঙ্গে চলে গেছেন। তবে অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এক দশকের পরিশ্রমের সঞ্চয় হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া প্রবাসী শরীফ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের দাবি জানিয়েছেন।

লংগদু থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ নয়ন মনির কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD