Logo

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত ২০

profile picture
উপজেলা প্রতিনিধি
ভাঙ্গা, ফরিদপুর
১ জুলাই, ২০২৬, ১২:১৯
ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত ২০
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতের পথ নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। রাত ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই জিহাদ শেখ।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুমন শেখকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়া হলে একটি গুলি তার গলায় লাগে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD