এক ছড়ায় ১২টি কলার মোচা, ঝালকাঠিতে ‘বিস্ময়কর’ কলাগাছ দেখতে ভিড়

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় ১২টি কলার মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ এটিকে প্রকৃতির বিস্ময় বলছেন, আবার কেউ কেউ বলছেন ‘শেষ জামানার ইঙ্গিত’।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে মো. রিপন প্রায় এক বছর আগে রাস্তার পাশে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি ওই গাছগুলোর একটি থেকে কলার ছড়া বের হয়। তবে সাধারণত একটি ছড়ায় একটি মোচা থাকলেও এ গাছে ধাপে ধাপে মোট ১২টি মোচা বের হয়েছে। আশ্চর্যের বিষয়, প্রতিটি মোচাতেই কলা ধরেছে।
প্রায় ৬ ফুট উচ্চতার গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ‘১২ মোচার কলাগাছ’ এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এর আগে এমন ঘটনা কখনো দেখা যায়নি। বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় এখন এই কলাগাছ নিয়েই চলছে আলোচনা।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, জীবনে অনেক কলাগাছ দেখেছি, কিন্তু একটি ছড়ায় ১২টি মোচা কখনো দেখিনি। এটি সত্যিই বিস্ময়কর।
আরেক বাসিন্দা মতিন বলেন, এমন ঘটনা আগে শুনিনি বা দেখিনি। অনেকে এটিকে শেষ জামানার আলামত বলছেন।
বিজ্ঞাপন
তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো অলৌকিক বিষয় নয়; বরং কলাগাছের জিনগত পরিবর্তন, জাতগত বৈশিষ্ট্য বা পরিবেশগত প্রভাবের কারণে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে।
প্রকৃতির এই বিরল বৈচিত্র্য এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।








