তন্দ্রার টানে যশোরে ছুটে এলেন চীনা যুবক লি বিং, অতঃপর...

ভালোবাসার টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে এসে যশোরের এক তরুণীকে বিয়ে করেছেন লি বিং নামে এক চীনা যুবক। বিয়ের আগে তিনি ধর্ম পরিবর্তন করেন। এ ব্যতিক্রমী ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের বাসিন্দা তন্দ্রা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরদিন ১৯ জুন সন্ধ্যায় ধর্মীয় বিধান ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।
চীনা তরুণকে জামাই হিসেবে দেখতে প্রতিদিনই তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। ব্যতিক্রমী এ বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কৌতূহলী মানুষের আনাগোনা বেড়েছে।
বিজ্ঞাপন
যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুন জানান, একটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে আরেকটি যোগাযোগমাধ্যমে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে ভালো লাগা ও সম্পর্কের গভীরতা তৈরি হয়। প্রায় আট মাস একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এতে দুই পরিবারেরই সম্মতি ছিল।
তিনি আরও জানান, লি বিং বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরি সংস্থায় কর্মরত। বিয়ের আগে তিনি নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করতেন না। লি এখন তাদের বাড়িতেই আছে। ভিসার যাবতীয় প্রক্রিয়া শেষ হলেই তন্দ্রা তার সঙ্গে চীনে চলে যাবেন।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশে বিয়ে করে এই চীনা তরুণের অনুভূতি দারুণ। তিনি ভাঙা ভাঙা গলায় বলেন, আমার বউ খুব ভালো। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। বউয়ের পরিবারের মানুষ ও আত্মীয়-স্বজনরা ভীষণ দয়ালু। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না।
তন্দ্রার মা শিউলি বেগম জানান, দুই পরিবারের সম্মতিতেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। জামাই হিসেবে লি বিংকে পেয়ে তিনি খুশি।








