সখিপুরে ডোবা থেকে ছাত্রলীগ নেতার মায়ের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত পারভীন সখিপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদের মা।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) সকালে সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণ পাশে নিজ বাড়ির কাছাকাছি একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে কর্মরত ছেলে ফাহাদের সঙ্গে পারভীনের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি।
বিজ্ঞাপন
পরে মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ বাড়িতে ফিরে মায়ের সন্ধান না পেয়ে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








