কচুরিপানার নিচে সাড়ে ৩ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না চোরের

বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির নিচে শুধু নাক বের করে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্রামবাসীর হাত থেকে রক্ষা পাননি তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতরে নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে খুঁজে বের করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুজন হাওলাদার পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি জলিল হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, রাত প্রায় ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করছিল সুজন। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তারা চিৎকার শুরু করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে আত্মগোপন করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়।
বিজ্ঞাপন
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








