চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দলবদ্ধ কুকুরের ভয়ে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিজ্ঞাপন
পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের উৎপাতের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দলবদ্ধ কুকুরগুলো রাস্তাঘাট, হাটবাজার ও জনসমাগমস্থলে অবস্থান করে। পথচারী দেখলেই অনেক সময় তেড়ে আসে, ফলে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, রাতভর কুকুরের ঘেউ-ঘেউ শব্দে অসুস্থ রোগীসহ অনেকের ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এছাড়া কুকুরগুলো ফসলি জমির ক্ষতি করছে এবং বসতবাড়ির আশপাশে গর্ত খুঁড়ে গৃহস্থদের ভোগান্তি বাড়াচ্ছে।
বিজ্ঞাপন
অভিভাবকরা জানান, সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা সবসময় উদ্বেগে থাকেন। দ্রুত বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। জননিরাপত্তার স্বার্থে এসব কুকুরকে জলাতঙ্কমুক্ত করতে দ্রুত টিকাদানের আওতায় আনা হবে।








