অসহায় বৃদ্ধ হেমায়েত মোল্লার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় অসহায় অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ হেমায়েত মোল্লার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। একই সঙ্গে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার স্বজনরাও খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাকে পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যান।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় অসুস্থ ও অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বার্ধক্য ও শারীরিক দুর্বলতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। পথচারীরা খাবার ও পানি দিলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর বুধবার আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
বিজ্ঞাপন
সংবাদ প্রকাশের পর বৃদ্ধের স্বজনরাও তার সন্ধান পান। তারা মাদারীপুর সদর হাসপাতালে এসে নিশ্চিত করেন, হেমায়েত মোল্লার বাড়ি খুলনা জেলার সোয়াডাঙ্গা উপজেলার বানরগাতি আল-আমিন কান্দি এলাকায়।
পরে মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং জেলা প্রবেশন কর্মকর্তা বি এম আসাদুজ্জামানের উপস্থিতিতে হেমায়েত মোল্লাকে তার ছেলে তারেক হোসেন মোল্লা, ফারুক মোল্লা ও নাতি মনিরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে বলেন, সংবাদ প্রকাশের পরই বৃদ্ধের স্বজনরা তার খোঁজ পান এবং হাসপাতালে এসে তাকে নিয়ে যান। একই সঙ্গে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চিকিৎসা সহায়তা দিয়েছে। তাদের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।
বিজ্ঞাপন
জেলা প্রবেশন কর্মকর্তা বি এম আসাদুজ্জামান বলেন, অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়ে যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে, তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, বাবার চিকিৎসায় সহায়তা দেওয়ায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সংবাদ প্রকাশের মাধ্যমে বাবাকে আমাদের কাছে ফিরে পেতে সহায়তা করায় সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।
বিজ্ঞাপন








