Logo

বিশ্বকাপ খেলা ঘিরে তর্কে ভাইয়ের হাতে ভাই খুন

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২ জুলাই, ২০২৬, ১৫:৪২
বিশ্বকাপ খেলা ঘিরে তর্কে ভাইয়ের হাতে ভাই খুন
ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। অভিযুক্ত পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং তিনি নিহতের চাচাতো ভাই।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নিলে পারভেজ ঘর থেকে একটি ছুরি এনে আলম আহমদকে আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD