Logo

ভিক্ষা নয়, সবজি বিক্রিতেই আত্মমর্যাদার জীবন ফুলবাড়ীর রশিদা বেগমের

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, দিনাজপুর
৪ জুলাই, ২০২৬, ১২:৪৪
ভিক্ষা নয়, সবজি বিক্রিতেই আত্মমর্যাদার জীবন ফুলবাড়ীর রশিদা বেগমের
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা রশিদা বেগম (৬০)। প্রায় ১৯ বছর আগে স্বামী আবেদ আলীর মৃত্যু হলেও ভিক্ষাবৃত্তি বা অন্যের করুণার ওপর নির্ভর না করে নিজের শ্রম আর আত্মমর্যাদাকে পুঁজি করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

দুই ছেলে ও এক মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন রশিদা বেগম। সন্তানরা নিজ নিজ সংসারে থাকলেও তাদের ওপর বোঝা হতে চান না তিনি। তাই প্রতিদিন ভোরে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে ফুলবাড়ী পৌর বাজারে এসে শাক-সবজি ও ডিম বিক্রি করেন।

বাজারের সবজি দোকান ও ডিম হাটের মাঝামাঝি একটি স্থানে বসে তিনি কচুশাক, ঢেঁকুয়া শাক, কলাগাছের থোড়, কলার মোচা, বথুয়া শাকসহ বিভিন্ন সবজি এবং ডিম বিক্রি করেন। দুপুর পর্যন্ত ব্যবসা শেষে যা আয় হয়, তা দিয়েই নিজের সংসার চালান।

বিজ্ঞাপন

পাশের সবজি বিক্রেতা শাহজামাল হোসেন, মো. রাজু ও হারুনুর রশিদ বলেন, রশিদা আপা চাইলে ভিক্ষা করে চলতে পারতেন। কিন্তু তিনি আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেন। আমরা যতটা পারি তাকে সহযোগিতা করি।

ডিম ব্যবসায়ী তোবারক হোসেন বলেন, আমার কিছু ডিমও তিনি বিক্রি করেন। এতে তার কিছু বাড়তি আয় হয়।

ফল বিক্রেতা স্বপন দত্ত বলেন, একজন বয়স্ক বিধবা নারী হয়েও যে আত্মমর্যাদা নিয়ে ব্যবসা করছেন, এজন্য আমরা তাকে শ্রদ্ধা করি।

বিজ্ঞাপন

লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী অজিত স্বর্ণকার বলেন, রশিদা বেগম ভিক্ষা না করে ব্যবসা করে জীবন চালাচ্ছেন। এটি সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

রশিদা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি। চাইলে মানুষের কাছে হাত পেতে চলতে পারতাম। এলাকায় ভিক্ষা করলে হয়তো দিনে ৪০০-৫০০ টাকা আয় হতো। কিন্তু অন্যের করুণায় বাঁচতে চাই না। যতদিন শরীরে শক্তি আছে, ততদিন কাজ করেই চলতে চাই।

বিজ্ঞাপন

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, রশিদা বেগম ভিক্ষা না করে আত্মমর্যাদা নিয়ে ব্যবসা করে জীবনযাপন করছেন। বিষয়টি প্রশংসনীয়। তদন্ত সাপেক্ষে তার জন্য সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD