আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

ঝালকাঠির নলছিটিতে ফুটবল নিয়ে তর্কের জেরে ব্রাজিল সমর্থক এক যুবককে ঘুষি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থক এক যুবকের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি উপজেলার বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন হাসিবুল ইসলামকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং নাকে মারাত্মক আঘাত পান।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের দাবি, হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, অতীতেও বিভিন্ন সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম এসেছে। এছাড়া শুভ হোসেনের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদকসেবনের অভিযোগও রয়েছে বলে কয়েকজন দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শুভ হোসেন। তিনি বলেন, "আমার সঙ্গে শুধু কথা-কাটাকাটি হয়েছে, কোনো মারামারি হয়নি।" এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নাকের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি বর্তমানে আহতের পরিবারের দাবি এবং চিকিৎসার ভিত্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের সত্যতা তদন্তের পর আইনগতভাবে নিশ্চিত হবে।








