Logo

শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, শিক্ষিকার বিরুদ্ধে মামলা

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
৭ জুলাই, ২০২৬, ১৪:৪০
শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, শিক্ষিকার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভেতর এক শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। অভিযুক্ত মোছা. কাজলী আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোছা. কাজলী আক্তারের এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে উক্ত বিষয়টি সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্তে সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD