Logo

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

profile picture
উপজেলা প্রতিনিধি
ফটিকছড়ি, চট্টগ্রাম
১৫ জুলাই, ২০২৬, ১৬:২৩
ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ছবি: সংগৃহীত

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সহজ যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। হরতাল চলাকালে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ রাখা, গণসংযোগ এবং প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, বর্তমানে প্রস্তাবিত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে উত্তর ফটিকছড়ির অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাদের মতে, গণশুনানিতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সব ইউনিয়নের মানুষের জন্য সহজে যাতায়াতযোগ্য এবং ভৌগোলিকভাবে কেন্দ্রীয় স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা উচিত।

বিজ্ঞাপন

এর আগে একই দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় বুধবার সকালে আন্দোলনকারীরা ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের একটি অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরামের নেতারা বলেন, নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও সদর দপ্তরের অবস্থান নির্ধারণে স্থানীয় জনগণের মতামতের যথাযথ প্রতিফলন হয়নি। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তাদের আশা, জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর নির্ধারণ করবে। এমন সিদ্ধান্ত এলে চলমান আন্দোলনেরও প্রয়োজন থাকবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD