ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ঝালকাঠির সদর উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে ননদের জামাইকে ব্লেড দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তবে ওই গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষার জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মিঠু মল্লিক (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মিঠু মল্লিক গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযুক্ত গৃহবধূর দাবি, ঘটনার সময় তার স্বামী, যিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ে ছিলেন। একই সময়ে তার ননদও কর্মস্থলে ছিলেন। এই সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মিঠু তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার জন্য তিনি একটি ব্লেড দিয়ে আঘাত করেন, যাতে মিঠু মল্লিক গুরুতর আহত হন।
অন্যদিকে, আহত মিঠু মল্লিকের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রথমবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর কল কেটে দেওয়া হয় এবং পরে আর ফোন রিসিভ করা হয়নি। তার পরিবারের সদস্যদের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।








