মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একটি সাদা রঙের প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আসছেন। এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সদর মডেল থানার একটি দল শ্রীমঙ্গল রোডের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডের এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে আরও দুইজন—মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ এবং ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।








