ফুলবাড়ীয়ায় মাদকাসক্ত সন্তানকে আইনের হাতে তুলে দিলেন বাবা-মা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিজ সন্তানকে স্বেচ্ছায় প্রশাসনের হাতে তুলে দিয়ে দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক দম্পতি। পরিবারের এমন সাহসী সিদ্ধান্ত স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলার পুটিজানা ইউনিয়নের মৌহাতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
অভিযানকালে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায়, অভিযুক্তকে আইনের আওতায় আনতে তার বাবা-মা স্বেচ্ছায় সহযোগিতা করেন এবং সমাজ, পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে প্রশাসনের হাতে তুলে দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের মতে, পরিবারের এমন দায়িত্বশীল ও সচেতন ভূমিকা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। প্রতিটি পরিবার যদি একইভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে মাদকমুক্ত ফুলবাড়ীয়া গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হবে।
প্রশাসন আরও জানায়, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, মাদক থেকে সন্তানকে রক্ষা করতে অনেক সময় কঠিন সিদ্ধান্তই সবচেয়ে বড় ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, সুস্থ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।








