মেহেরপুরে অনলাইন ক্যাসিনো মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে ওয়াসিম হালদারকে আটক করে। পরে তাকে মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
ডিবি সূত্র জানায়, ওয়াসিম হালদার আদালতে বিচারাধীন ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, আদালতে বিচারাধীন সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হওয়ায় ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষায় অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলার আওতায় আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ওয়াসিম হালদারের বিরুদ্ধে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠে আসে। সেইসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতেও এ প্ল্যাটফর্মের এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।








