Logo

পুলিশের যানবাহনে হামলার তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৮:৫৫
পুলিশের যানবাহনে হামলার তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলেও, এটি কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বা সতর্কতামূলক নির্দেশনা।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার বিষয়েও সবসময় সচেতন থাকতে হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা-সংক্রান্ত ঘটনা এবং গুজব ছড়িয়ে পড়ায় পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিবি প্রধান বলেন, পুলিশ নিয়মিতভাবেই বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়ে থাকে। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই নির্দেশনাই আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ের সদস্যরা দায়িত্ব পালনের সময় আরও বেশি সতর্ক থাকেন এবং পুলিশি যানবাহন ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আসন্ন হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পুলিশের হাতে নেই। তবে যেকোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকা পুলিশের দায়িত্ব। এ কারণেই সিনিয়র কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মতিঝিলে উদ্ধার হওয়া আইইডি সদৃশ বস্তু প্রসঙ্গে প্রশ্ন করা হলে শফিকুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত বর্তমানে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট করছে। পাশাপাশি ডিবিও সহায়ক তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা সাধারণত কোনো ব্যক্তি এককভাবে ঘটায় না। অনেক সময় কোনো মতাদর্শ, উদ্দেশ্য বা বার্তা প্রচারের লক্ষ্যেই সংগঠিতভাবে এমন কর্মকাণ্ড ঘটানো হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সংগঠন বা গোষ্ঠীর নাম উল্লেখ করা ঠিক হবে না।

এর আগে শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে দেশের সব ইউনিটে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে দায়িত্ব পালনকালে কোনো যানবাহন থামাতে হলে নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস ও অন্যান্য সরকারি স্থাপনায় রাখা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করতে হবে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও পুলিশ সদর দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সদস্যদের সক্রিয় ও প্রস্তুত রাখতে নিয়মিতভাবেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত এক সপ্তাহে রাজধানীতে একাধিক বোমা-আতঙ্কের ঘটনা ঘটে। ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে জানানো হয়, সেটি একটি ধর্মীয় শোভাযাত্রাকে লক্ষ্য করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বস্তাকে ঘিরে আতঙ্ক তৈরি হলেও পরীক্ষা-নিরীক্ষায় কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা করে নিশ্চিত করে, সেগুলোতেও কোনো বিস্ফোরক ছিল না।

পুলিশের মতে, সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত রাখতে মাঠপর্যায়ের সদস্যদের নতুন করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, নিয়মিত নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য যেকোনো ঝুঁকি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD