অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি

চাঁদপুরে আট মাস বয়সী এক কন্যাশিশুকে ‘অজ্ঞান পার্টির’ মাধ্যমে চুরি করা হয়েছে—এমন অভিযোগ ওঠার একদিনের মধ্যেই ঘটনার ভিন্ন চিত্র সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, চরম আর্থিক সংকটের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের শিশুকন্যাকে এক নিঃসন্তান দম্পতির কাছে তুলে দিয়েছিলেন মা। পরে বিষয়টি গোপন করতেই শিশু চুরির অভিযোগ এনে নাটক সাজানো হয়।
বিজ্ঞাপন
শহরের পূর্ব রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) শিশুটির মা শিউলি বেগম অভিযোগ করেন, মিশন রোড এলাকায় অটোরিকশায় এক নারী তাকে পানি পান করিয়ে অচেতন করে দেয়। এরপর তার আট মাস বয়সী কন্যাশিশু লামিহা এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।
তবে এই ঘটনা গণমাধ্যমে আসার পর শনিবার বিকেলে শিশুটির দত্তকগ্রহীতা ইয়াসিন আক্তার ওরফে কামরুল চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা প্রকাশ করেন। কামরুল পুলিশকে জানান, তিনি ও তাঁর স্ত্রী জেসমিন নিঃসন্তান হওয়ায় এবং শিউলি বেগমের পরিবারের অভাব থাকায় দুই পক্ষের সমঝোতায় আদালতের অ্যাফিডেভিটের মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়া হয়েছে। প্রমাণ হিসেবে তিনি প্রয়োজনীয় কাগজপত্রও দেখান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে শিশুটির মা শিউলি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস ধরে বেকার। ঘরে খাবার নেই, শিশুদের দুধ কেনার টাকা নেই। এই অনটন সইতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’ তবে শিশুটির বাবা লিটনের দাবি, তাঁর স্ত্রী তাঁকে না জানিয়েই এই কাজ করেছেন।
বিজ্ঞাপন
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবা-মায়ের সম্মতিতেই শিশুটিকে অন্য এক দম্পতির কাছে দেওয়া হয়েছিল। বর্তমানে শিশুটি সুস্থ ও নিরাপদ রয়েছে। যেহেতু পুরো বিষয়টি পারিবারিক সমঝোতা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








