Logo

নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
৮ নভেম্বর, ২০২৬, ২১:১৫
নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে আটক করে মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উজিরপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বায়জিদ মিঠুকে সংগঠনের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়জিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার এক নারী বাথরুমে গেলে বায়জিদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে তার ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে আসার পর তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে বায়জিদকে আটক করেন।

বিজ্ঞাপন

এ সময় তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বায়জিদের মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বায়জিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, রোববার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বায়জিদ মিঠুকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD