Logo

ঐক্য ও গণতন্ত্রের অঙ্গীকারে ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন

profile picture
জেলা প্রতিনিধি
৮ নভেম্বর, ২০২৬, ২০:২৫
ঐক্য ও গণতন্ত্রের অঙ্গীকারে ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলোচনা সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। সভায় দলের দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্য, ত্যাগ-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতারা। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুর রহমান সাইদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বিএ, ইসহাক আলী, আইয়ুব আলী সরকার, গোলাম সারোয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি এজিএম ফাহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে ঐক্য, সংহতি ও জাতীয় চেতনার গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দলের আদর্শ, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তাঁরা আরও বলেন, ফুলবাড়ীয়ায় বিগত ১৭ বছর নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও করিম সরকারের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল। কঠিন সময়ে নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা, ত্যাগ ও সাংগঠনিক দৃঢ়তা দলের শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডেও এই ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা উল্লেখ করেন, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সম্মান এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে ফুলবাড়ীয়া বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করা সম্ভব।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশ, জনগণ ও গণতন্ত্রের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD