Logo

ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
৮ নভেম্বর, ২০২৬, ২০:১১
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্যবসার টাকার হিসাব নিয়ে বাবার সঙ্গে বিরোধের জেরে পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে গুদামে মজুত থাকা প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম রাসেল মোল্লা। তিনি ওই এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রাসেলকে গুদামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তিনি গুদামের টিন ও দরজা ভাঙচুর করেন বলে দাবি স্থানীয়দের। পরে গুদামে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুদাম মালিক সামেজুদ্দিন মোল্লা বলেন, ব্যবসার টাকার সঠিক হিসাব নিয়ে ছেলের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। এর জের ধরে ছেলে উত্তেজিত হয়ে গুদামে আগুন লাগিয়ে দেয়। গুদামে প্রায় ৩২০ মণ পাট মজুত ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

তিনি আরও জানান, আগুনে গুদামঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং মজুত পাটের বড় একটি অংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

সিংগাইর ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ভেতরে থাকা পাটের প্রায় ৮০ শতাংশ নষ্ট হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছেন তাঁরা। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD