Logo

পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত, উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৮ নভেম্বর, ২০২৬, ২০:৩৩
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত, উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও উদ্যোক্তা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি, ফিতা কাটা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পাশাপাশি দিনব্যাপী উদ্যোক্তা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান।

বিজ্ঞাপন

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার চন্দ। তিনি বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের পথ তৈরি করে। পিরোজপুর জেলায় কেন্দ্রীয় ও প্রাথমিক পর্যায়ের মোট ১ হাজার ২৫০টি সমবায় সমিতি রয়েছে। এসব সমিতির সদস্য ও উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজারের বেশি। সমবায়ীদের সংগৃহীত মূলধনের পরিমাণ ২৫০ কোটি টাকা। এ ছাড়া সমবায় সমিতিগুলো তাদের নিট লাভের ১০ শতাংশ সরকারের কোষাগারে রাজস্ব হিসেবে জমা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, "সমবায় ভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার মাধ্যমেই দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সমবায় সমিতিসমূহকে আরও আধুনিক, কার্যকর ও স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।"

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, "সমবায় শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি আমাদের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও ঐক্যের প্রতীক। পিরোজপুরের সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ একসাথে কাজ করে যাচ্ছে। সমবায় কার্যক্রমে সঠিক শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখলে এর সুফল জেলার প্রতিটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।"

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD