কাপাসিয়ায় ৫০০ লিটার দেশীয় মদ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজন পুরুষ ও তিনজন নারীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাপাসিয়া থানা পুলিশের কয়েক ঘণ্টার অভিযানে বিভিন্ন পাত্রে সংরক্ষিত বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিদাসপাড়ায় দেশীয় মদ তৈরি ও মজুত করার বিষয়ে পুলিশের কাছে গোপন তথ্য আসে। এর ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজন পুরুষ ও তিনজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য খন্দকার আলী নেওয়াজ মুঞ্জুর বলেন, রবিদাসপাড়ায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মদ উদ্ধার করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। এলাকায় মদ তৈরি কিংবা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিয়মিত অভিযান চালানো হলে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। কয়েক ঘণ্টার অভিযানে প্রায় ৫০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন পুরুষ ও তিনজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধার করা মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় নেওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামাঞ্চলে দেশীয় মদের বিস্তার সামাজিক নানা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।








