শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ মাদক কারবারিদের শনাক্ত করে একটি তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক ব্যবসার মূলহোতাদের চিহ্নিত করে টাস্কফোর্স তালিকা প্রস্তুত করবে। সেই তালিকার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার বিস্তারের কারণে দেশের তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। মাদকের বিস্তার ঠেকানো বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
সভায় কক্সবাজারে মাদক প্রতিরোধে গঠিত বিশেষ টাস্কফোর্সের বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। টাস্কফোর্সে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, মাদক চোরাচালানের সম্ভাব্য রুটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। স্থলপথের পাশাপাশি জলপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা যুক্ত, তাদেরও শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় পরিদর্শন করবেন। পরে কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করার কথা রয়েছে।
এরপর কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুরে হিলডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছাড়ার কথা রয়েছে।








