Logo

শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল কেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ২০:২৮
শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল কেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ভারতে আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ায় প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার প্রশ্ন, ভারত সরকার কেন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

শেখ হাসিনার বক্তব্যের আগে থেকেই বিষয়টি নিয়ে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশ সরকার। পরে তার বক্তব্যের পরও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে—এটি তাদের বিষয়। কিন্তু সেখানে অবস্থান করে তিনি বাংলাদেশের বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং তাকে সরাসরি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ কারণেই বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ কেন দেওয়া হলো, সেটিই বাংলাদেশের প্রশ্ন।

আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় দলটির সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। কিন্তু এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা দেখা যায়নি। বরং ভারতে অবস্থান করে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের ক্ষোভ রয়েছে এবং দলটির প্রতি জনগণের আস্থাও নেই।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিষয়ে বিচার হবে। এ সংক্রান্ত আইনি ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় বলে জানান সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং আদালত যে রায় দেবে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

সালাহউদ্দিন আহমদের মতে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক মত ও দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব কারণে দলটির প্রতি জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD