Logo

বেনজীরের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৫:০১
বেনজীরের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজের দপ্তরের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরই সেখানে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে। বেনজীরকে কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে, তা নিশ্চিত হতে আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের জন্যও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই ধরনের প্রক্রিয়াই চলমান রয়েছে বলে জানান তিনি। তবে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার বিষয়ে সরকারের সন্দেহ রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সাম্প্রতিক রথযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকার মধ্যেও মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা আতঙ্কের ঘটনা নিয়ে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং এ বিষয়ে বিশেষ টিমও নজরদারি করছে বলে জানান তিনি।

৫ আগস্টকে ঘিরে রাজনৈতিক তৎপরতা এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বর্তমানে বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং বিশেষ করে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সব ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD