Logo

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৮:৫৯
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার
বেনজীর আহমেদ | ফাইল ছবি

দুবাইয়ের আদালতে জামিন পাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আইনি উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল' ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কঠোর শর্তে জামিন পেয়েছেন বলে সরকার জানতে পেরেছে। তবে ওই জামিন বাতিলের লক্ষ্যে ইতোমধ্যে দুবাইয়ে একটি ল' ফার্মের মাধ্যমে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, মামলার প্রত্যয়িত (সার্টিফায়েড) নথিপত্র সংগ্রহের কাজও চলছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর আদালতে জামিন বাতিলের আবেদন করা হবে। সরকারের আশা, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম হবে।

বিজ্ঞাপন

এর আগে একই দিনে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের কাছে কোনো দাপ্তরিক তথ্য পৌঁছেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বিস্তারিত জানাতে পারবে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে আদালত তার জামিনের সঙ্গে একাধিক কঠোর শর্ত যুক্ত করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না। ফলে জামিনে মুক্ত হলেও আপাতত তার বিদেশ ভ্রমণের সুযোগ নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে সরকার আন্তর্জাতিক আইনি সহযোগিতার পথ অনুসরণ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD