পরিবারের উদ্যোগে মাদকসেবী আটক, ফুলবাড়ীয়ায় ৬ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পরিবারের সদস্যদের সচেতন উদ্যোগে এক মাদকসেবীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। ঘটনাটি এলাকায় মাদকবিরোধী সচেতনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হন মীর মো. শহীদুর রহমান (৩৫)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
প্রশাসন জানায়, সমাজ ও পরিবারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় দণ্ডিত ব্যক্তির ভাই ও চাচা তাকে স্বেচ্ছায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। তাদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মীর মো. শহীদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াবহতা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। একটি সচেতন পরিবার একজন মানুষকে মাদকের মতো ক্ষতিকর পথ থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
প্রশাসন আরও জানায়, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রশাসনের মতে, পরিবার সচেতন হলে সমাজও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারে।








