Logo

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১০ আগস্ট, ২০২৬, ১৫:৩৬
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
ছবি: প্রতিনিধি

মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতেও পুলিশ সদস্যদের সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী ও কারবারিদের সঙ্গে পুলিশের কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক মেনে নেওয়া হবে না। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলার অপরাধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে রেঞ্জ ডিআইজি বলেন, অপরাধের খবর প্রকাশের ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি। সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মেহেরপুর জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে মাদক, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক অপরাধ, কিশোর গ্যাং, চোর চক্র এবং সড়কে যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। এসব সমস্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিকরা।

বিজ্ঞাপন

এ সময় জেলার যানবাহন, জনবল ও পুলিশের অবকাঠামোগত বিভিন্ন সংকটের কথাও তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধান করে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার আশ্বাস দেন ডিআইজি।

মতবিনিময় সভায় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD