ভোলার মেঘনায় তীব্র স্রোতে ট্রলারডুবি, ৬ জেলে জীবিত উদ্ধার

ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পরে নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা ছয় জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলার ও মাছ ধরার জালের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচরের রাস্তার চরসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন জেলে ঢালচরের রাস্তার চর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা নদীতে ভাসমান অবস্থায় চিৎকার করে সাহায্য চাইলে কাছাকাছি মাছ ধরতে থাকা মো. হাসান মাঝিসহ অন্য জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে তারা নদীতে ভাসমান অবস্থায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায় বলে জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারটিও পটুয়াখালীর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনায় দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের ছয় জেলেকে নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা জীবিত উদ্ধার করেছেন। পরে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলে তারা নিজ নিজ গন্তব্যে চলে যান।
তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলার ও মাছ ধরার জালের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।








