গরুবাহী নসিমনের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নসিমনে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় আব্দুর রহমান বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় নসিমনে থাকা কয়েকটি গরুও মারা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত চারজনকে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।








