কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর, ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরের পর কয়েকটি কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় এসব ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন। তবে মজুরি বোর্ডের প্রস্তাব পাস হওয়ার পরও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে দুপুরের পর কয়েকটি কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালান তারা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠারও চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরিস্থিতির অবনতি ঠেকাতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ ও বিজিবির ১৮ প্লাটুন সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করেছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ ঘটনার পর বেশ কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।








